চট্টগ্রামে সন্ত্রাসীর হাতে সার্জেন্ট লাঞ্ছিত
চট্টগ্রাম নগরের জাকির হোসেন রোডে ট্রাফিক আইন ভঙ্গ করে মোটরসাইকেল চালানোয় বাধা দেওয়ায় ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা গতকাল বৃহস্পতিবার পুলিশ সার্জেন্ট মশিউর রহমানকে লাঞ্ছিত করেছেন। সকালে এমইএস কলেজের সামনের এ ঘটনায় তিন সন্ত্রাসীর বিরুদ্ধে খুলশি থানায় মামলা হয়েছে।পুলিশ সূত্র জানায়, মোহাম্মদ ফিরোজ ওরফে ময়লা ফিরোজ এক সহযোগীসহ ট্রাফিক আইন ভঙ্গ করে মোটরসাইকেল চালাচ্ছিলেন। সার্জেন্ট মশিউর থামার সংকেত দিলে ফিরোজ মোটরসাইকেল থামিয়ে বলেন, ‘দেখছেন না, এটা গোপালগঞ্জের রেজিস্ট্রেশন করা?...।’ প্রত্যক্ষদর্শীরা জানায়, বাগিবতণ্ডার এক পর্যায়ে ফিরোজ সার্জেন্ট মশিউরকে লাঞ্ছিত করেন। স্থানীয় লোকজন এগিয়ে এলে তাদের ওপরও ফিরোজ ও তাঁর সহযোগীরা চড়াও হন। এমইএস কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন বলেন, ফিরোজ নামের ছাত্রলীগের কোনো কর্মী বা সমর্থক নেই।