চট্টগ্রামে সন্দেহভাজন তিন জেএমবি আরেক মামলায় রিমান্ডে
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে গ্রেপ্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক তিন ছাত্রের আরও এক মামলায় রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বেলা একটার দিকে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাসান শুনানি শেষে এ আদেশ দেন।
তাঁরা তিনজন হলেন—নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেল।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, হাটহাজারী থানায় করা অস্ত্র মামলায় এই তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ৪ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল বায়েজীদ থানার দুই মামলায় এই তিনজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই দুই মামলা হলো—গত ৬ অক্টোবর গ্রেনেড বিস্ফোরণে জেএমবি নেতা জাভেদ হত্যা মামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনার মামলা।
গত ২৬ ডিসেম্বর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাইমুর, ফয়সাল ও শওকতকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ২৭ ডিসেম্বর হাটহাজারী উপজেলার আমানবাজারে জেএমবির চট্টগ্রামের কমান্ডার ফারদিন ওরফে নোমান ওরফে নাফিসের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। ওই বাসা থেকে অস্ত্র-গুলি, বিস্ফোরক, র্যাংক বেজসহ সেনাবাহিনীর ১২ সেট পোশাক উদ্ধার করা হয়।