চট্টগ্রামে সন্দেহভাজন তিন জেএমবি সদস্যের রিমান্ড
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন সদস্য হিসেবে গ্রেপ্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর আরও দুই মামলায় রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এই তিনজন হলেন—নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেল। আজ রোববার বেলা তিনটার দিকে চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাকন শুনানি শেষে এ আদেশ দেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, গত ৬ অক্টোবর গ্রেনেড বিস্ফোরণে জেএমবি নেতা জাভেদ হত্যা মামলায় ১০ দিন এবং পুলিশের ওপর হামলার মামলায় ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন নগর গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত হত্যা মামলায় তিন দিন এবং পুলিশের কাজে বাধা দেওয়ার মামলার একদিন করে তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৬ ডিসেম্বর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাইমুর, ফয়সাল ও শওকতকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ২৭ ডিসেম্বর হাটহাজারী উপজেলার আমানবাজারে জেএমবির চট্টগ্রামের কমান্ডার ফারদিন ওরফে নোমান ওরফে নাফিসের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। ওই বাসা থেকে অস্ত্র-গুলি, বিস্ফোরক, র্যাংক বেজসহ সেনাবাহিনীর ১২ সেট পোশাক উদ্ধার করা হয়।