চট্টগ্রামে সন্ধ্যার আগেই কোরবানি পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদুল আজহায় সন্ধ্যার আগেই চট্টগ্রাম শহরের কোরবানির পশুর বর্জ্য পুরোপুরি অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। নগরের ৪১টি ওয়ার্ডের মধ্যে সবার আগে পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন হয়েছে এমন ছয়টি ওয়ার্ড বাছাই করে সেগুলোকে পুরস্কৃত করারও ঘোষণা দিয়েছেন মেয়র মোহাম্মদ মন্জুর আলম। গতকাল বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারই সর্বপ্রথম সন্ধ্যার আগে কোরবানি পশুর বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। যেসব ওয়ার্ডকে পুরস্কারের জন্য বাছাই করা হয়েছে সেগুলো হচ্ছে, দক্ষিণ বাকলিয়া, বাগমনিরাম, পাঁচলাইশ, উত্তর পাঠানটুলি, গোসাইলডাঙ্গা ও বক্সিরহাট। বিভিন্ন ওয়ার্ড থেকে কোরবানি পশুর বর্জ্য নগরের হালিশহর ও আরেফিন নগর এলাকায় অবস্থিত সিটি করপোরেশনের আবর্জনা রাখার জায়গায় (ডাম্পিং স্টেশন) ফেলা হয়। এরপর পশু জবাই করার স্থান পানি দিয়ে ধুয়ে সেখানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হয়।