চট্টগ্রামে সন্ধ্যার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির ঈদে সৃষ্ট বর্জ্য সন্ধ্যার মধ্যে অপসারণ করার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এ জন্য নগরের ৪১টি ওয়ার্ডকে চারটি অঞ্চলে ভাগ করা হয়েছে। এসব অঞ্চলের বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকির জন্য চারজন কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিটি করপোরেশন সূত্র জানায়, ঈদের দিন সকাল ১০টা থেকে পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য সংগ্রহের কাজ শুরু করবেন। সংগ্রহ করা বর্জ্য নগরের হালিশহরের আনন্দবাজার ও আরেফিন নগরের বর্জ্যাগারে নিয়ে যাওয়া হবে। এ ছাড়া পশু জবাইয়ের পর প্রতিটি স্থান ফিনাইল ও পানি দিয়ে পরিষ্কার করা হবে। দুর্গন্ধ ও জীবাণুমুক্ত রাখার জন্য এসব স্থানে ব্লিচিং পাউডার ছিটানো হবে। এসব কাজ তদারকির জন্য একটি নিয়ন্ত্রণকেন্দ্র খোলা হয়েছে।

সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শৈবাল দাশ প্রথম আলোকে জানান, স্বাভাবিক সময়ে চট্টগ্রাম নগরে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টন বর্জ্য উৎপন্ন হয়। কোরবানির ঈদে এর পরিমাণ বেড়ে হবে চার গুণ। এই বর্জ্য অপসারণের জন্য ২৪ ঘণ্টা সময় ধরা হয়েছে। তবে ঈদের দিন সন্ধ্যার মধ্যেই সব বর্জ্য অপসারণের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি জানান, বর্জ্য অপসারণ কার্যক্রম সফল করার জন্য সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের সব কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। কোরবানির বর্জ্য সংগ্রহ ও অপসারণে দুই হাজার পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত থাকবেন।

সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক প্রথম আলোকে বলেন, কোরবানির বর্জ্য পরিষ্কার করার জন্য ছয়টি পানির গাড়ি, ২৫টি পানির ভ্যান প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া বর্জ্য অপসারণের জন্য ব্যবহার করা হবে ১৮০টি গাড়ি।