চট্টগ্রামে সপ্তাহব্যাপী ফার্নিচার মেলা শুরু
চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে অষ্টমবারের মতো ফার্নিচার মেলা শুরু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ মেলা উদ্বোধন করেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান বলেন, চীন বিশ্বে সবচেয়ে বেশি ফার্নিচার রপ্তানি করে থাকে। তবে চীনে প্রতিনিয়ত শ্রমব্যয় বাড়ছে। ফলে বাংলাদেশ ও ভিয়েতনামের মতো দেশগুলোর সামনে বিশ্ব ফার্নিচারের বাজারে প্রবেশ করার সুযোগ বাড়ছে। ফার্নিচার খাতে বাংলাদেশের সম্ভাবনা বাড়ছে। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে ফার্নিচার খাতে বাংলাদেশ রপ্তানিমুখী বড় শিল্প হয়ে উঠতে পারে।
সমিতির চট্টগ্রাম বিভাগের সভাপতি এস এম নুরউদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব ইলিয়াস সরকার, সমিতির চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক এম এন আজম খান ও বলিরহাট ফার্নিচার ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিন।
সাত দিনের এ মেলা শেষ হবে ১৩ ডিসেম্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চালু থাকবে।