চট্টগ্রামে সব রুটে কাল কাউন্টারভিত্তিক বাস চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সব কটি রুটে চলাচলকারী বাস, মিনিবাস ও হিউম্যান হলার কাল সোমবার থেকে একযোগে কাউন্টার সেবা শুরু করবে। সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত এ সেবা পাওয়া যাবে। গতকাল শনিবার পরিবহন-মালিকদের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তাঁরা জানান, যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম সিটি বাস-মিনিবাস-হিউম্যান হলার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল আলম চৌধুরী। উপস্থিত ছিলেন সিটি বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, চট্টলা পরিবহনের সহসভাপতি মোজাহের হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রসুল, কালুরঘাট বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক ওয়াহিদুর নুর এবং চট্টগ্রাম মহানগর বাস-মিনিবাস-হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি আবু তৈয়ব। সংবাদ সম্মেলনে বলা হয়, ইতিপূর্বে মেয়র ও পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী কাল সোমবার থেকে কাউন্টারভিত্তিক সেবা শুরু হচ্ছে। সকালে মেয়র মোহাম্মদ মন্জুর আলম আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। সংবাদ সম্মেলনে পরিবহন-মালিকেরা সড়কবাতি ও কাউন্টারে যাত্রীছাউনি নির্মাণের জন্য মেয়রের কাছে দাবি জানান।