চট্টগ্রামে সবজি আর রসুনের দাম চড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাজারে প্রায় সব ধরনের সবজির দাম চড়া। বাজারে কিছু শীতের সবজি এলেও দাম কমেনি। বেড়েছে ডাল ও রসুনের দাম। তবে মুরগি ও ডিমের দাম কিছুটা কমেছে।গতকাল শনিবার নগরের রিয়াজুদ্দিন বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে পাঁচ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। বাজার করতে আসা গৃহিণী ফেরদৌস বেগম বলেন, ‘কোনো একটা কিছুর দাম কমলে অন্যটির বাড়ে। গত সপ্তাহে মুরগির দাম বেশি ছিল, এবার রসুনের। এভাবে ব্যবসায়ীরা ঠিকই তাঁদের অতিরিক্ত লাভ করে নেন।’বাজার ঘুরে দেখা গেছে, রিয়াজুদ্দিন বাজারে খুচরা ব্যবসায়ীরা প্রতি কেজি শসা ৪০ থেকে ৪৫ টাকা, বাঁধাকপি ৪০, শিম ১০০, টমেটো ৬০, বরবটি ৫০, কাঁকরোল ৬০, ঝিঙে ৫০, পটল ৩০, ঢ্যাড়স ৫০, পেঁপে ১৫ থেকে ২০, মিষ্টিকুমড়া ২০ থেকে ২৫, বেগুন ৩০ থেকে ৩৫ ও কাঁচা মরিচ ৬০ টাকায় বিক্রি করছেন। গত সপ্তাহে বাজারে শসা ৩৫ থেকে ৪০ টাকা, শিম ৮০, বরবটি ৩৫ থেকে ৪০, কাঁকরোল ৩৫ থেকে ৪০, ঝিঙে ৪০, পেঁপে ১৫ ও মিষ্টিকুমড়া ২০ টাকায় বিক্রি হয়েছিল। সবজি বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। বাজারে হঠাৎ করেই রসুনের দাম বেড়ে গেছে। গত সপ্তাহে দেশি রসুনের দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা। এ সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ৫২ টাকায়। আমদানি করা রসুন গত সপ্তাহের তুলনায় কেজিতে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। বেড়েছে মসুর ডালের দাম। দেশি মসুর ডাল প্রতি কেজি ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে তা ছিল ১১০ টাকা। রিয়াজুদ্দিন বাজারের বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, ‘রসুনের দাম হঠাৎ বেড়ে গেছে। পাইকারি বাজার থেকেই আমাদের বেশি দামে কিনে আনতে হয়। তাই বেশি দামে বিক্রি করছি।’বাজারে মাছের দামে তেমন কোনো তারতম্য হয়নি। বড় আকারের ইলিশ প্রতি কেজি ৭০০ টাকা ও ছোট আকারের ইলিশ ৪০০ টাকায় বিক্রি হয়। পাশাপাশি তেলাপিয়া ১৬০ টাকা, চাষের কই ২০০, রুই ২২০ থেকে ২৫০, চিড়িং আকারভেদে ৫০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হয়।