চট্টগ্রামে সবজি বাজারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কাঁচাবাজারে বেড়েই চলেছে বিভিন্ন ধরনের সবজি ও শাকের দাম। সবজির উৎপাদন ও সরবরাহের ঘাটতি থাকায় দাম বাড়ছে বলে ব্যবসায়ীদের দাবি। গতকাল শনিবার নগরের অন্যতম প্রধান পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারের সবজির আড়ত ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজির দাম গত সপ্তাহের তুলনায় পাঁচ থেকে ১০ টাকা বেড়েছে। বাজার ঘুরে জানা গেছে, আড়তেই শীতকালীন আগাম সবজি সিম বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০ টাকা দরে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। আড়তে ৮০ টাকায় বিক্রি হওয়া ফুলকপি খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এ ছাড়া খুচরা বাজারে মানভেদে বরবটি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। লাউ কেজি ২৫ টাকা, চালকুমড়া ৩০ টাকা, চিচিঙ্গা ৩০ থেকে ৪০ টাকা, কাঁকরোল ৩৫ থেকে ৪০ টাকা, ঢ্যাঁড়স ৩০ টাকা, ঝিঙা ৩০ থেকে ৩৫ টাকা, পটল ২৫ থেকে ৩০ টাকা, টমেটো ৫০ টাকা, বেগুন ৩৫ টাকা, মিষ্টিকুমড়া ২০ টাকা, আলু ২২ টাকা, কচুর লতি ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি আঁটি কলমিশাক ১০ টাকা এবং পুঁই, লাল ও মুলাশাক ১৫ টাকায় বিক্রি হয়েছে। রিয়াজউদ্দিন বাজারের সবজি বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, ‘বাজারে এখনো শীতের সবজি পুরোপুরি আসেনি। পাশাপাশি গ্রীষ্মকালীন সবজির সরবরাহও কমতির দিকে। এ কারণে চাহিদা অনুসারে সরবরাহ কিছুটা কমেছে। বাজারে সব ধরনের শীতের সবজি না আসা পর্যন্ত দাম একটু বেশিই থাকবে।’গতকাল রিয়াজউদ্দিন বাজারে আসা ক্রেতা সাইদুর রহমান বলেন, ‘এক সপ্তাহে ডিমের দাম বাড়লে অন্য সপ্তাহে বাড়ে তেলের দাম। এবার দেখি সবজির দাম বাড়ছে। এভাবে প্রতি সপ্তাহে কিছু না কিছু বাড়তেই থাকে। এসব দেখার যেন কেউ নেই।’সবজির দাম ঊর্ধ্বমুখী হলেও সামান্য কমেছে সয়াবিন তেলের দাম। এ ছাড়া নগরের বাজারগুলোতে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৪৫ টাকায়, লেয়ার মুরগি ১৭৫ টাকায় এবং দেশি মুরগি ৩০০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া প্রতি ১০০ সাদা ফার্মের মুরগির ডিম ৯৬০ টাকা, লাল ডিম ৯৮০ টাকা, হাঁসের ডিম এক হাজার টাকা ও দেশি মুরগির ডিম এক হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে।