চট্টগ্রামের বাজারে সবজির দাম আরও এক দফা কমেছে। গত সপ্তাহের তুলনায় বিভিন্ন সবজির দাম প্রতি কেজিতে চার-পাঁচ টাকা করে কমেছে । গতকাল শনিবার নগরের রিয়াজ উদ্দিন বাজারে শিম বিক্রি হয়েছে ২০-২২ টাকা কেজি দরে। ফুলকপি ও বাঁধাকপি ১০-১২ টাকা, টমেটো ২০-২২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। অথচ গত সপ্তাহে শিম বিক্রি হয় ২৪-২৫ টাকা, ফুলকপি ১৪-১৬ এবং বাঁধাকপি ১২-১৪ টাকা কেজি দরে। এ ছাড়া নতুন আলুর দাম ১৪-১৫ টাকা থেকে কমে ১২-১৩ টাকায় নেমে এসেছে। গতকাল রিয়াজ উদ্দিন বাজারে শিমের বিচি ৭০-৭৫ টাকা, পেঁয়াজপাতা ৮-১০ টাকা, মুলা ১০-১২ টাকা, লাউ ১৪-১৫ টাকা, গাজর ১৫-১৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বাজারের দোকানি রহিমউল্লাহ বলেন, ‘সবজির দাম এখন কমতে থাকবে। বাড়ার কোনো সম্ভাবনা নেই। কারণ সবজির সরবরাহ প্রতিদিনই বাড়ছে।’ নগরের কর্ণফুলী বাজারে লালশাক, মুলাশাক, পালংশাক প্রতি আঁটি পাঁচ-সাত টাকা করে বিক্রি হতে দেখা যায়। ধনেপাতা ২০-২২ এবং কাঁচামরিচ ৬৫-৭০ টাকা কেজি দরে বিক্রি হয়।