চট্টগ্রামে সবজির দাম কমেছে
চট্টগ্রামের বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় বেশির ভাগ সবজির দামই কমে গেছে। মুরগির দাম স্থিতিশীল রয়েছে। গতকাল শনিবার চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার, কাজীর দেউড়ি ও চৌমুহনীর কর্ণফুলী সিডিএ বাজার ঘুরে এ চিত্র পাওয়া যায়।গতকাল রিয়াজউদ্দিন বাজারে ফুলকপি বিক্রি হয় ১৪ থেকে ১৬ টাকায়, বাঁধাকপি ১২ থেকে ১৪ টাকায় ও মুলা ৮ থেকে ১০ টাকায় এবং শিম বিক্রি হয় ২২ থেকে ২৪ টাকা কেজি দরে। গত সপ্তাহে একই বাজারে ফুলকপি বিক্রি হয়েছে ১৬ থেকে ২০ টাকায়, বাঁধাকপি ১৬ থেকে ২০ টাকায় ও মুলা ১০ থেকে ১২ টাকায় এবং শিম বিক্রি হয় ২৪ থেকে ২৮ টাকা কেজিতে। এ ছাড়া অন্যান্য সবজির দাম প্রায় অপরিবর্তিত ছিল। তবে সরবরাহ বেড়ে যাওয়ায় নতুন আলুর দাম আরও এক দফা কমেছে। গতকাল নতুন আলু প্রতি কেজি বিক্রি হয়েছে ১৪ থেকে ১৫ টাকায়। গত সপ্তাহে আলুর দাম ছিল ১৮ থেকে ২০ টাকা।কাজীর দেউড়ি ও চৌমুহনীর কর্ণফুলী বাজারে তুলনামূলকভাবে সবজির দাম ৪-৫ টাকা করে বেশি হাঁকা হয়। কাজীর দেউড়ি বাজারের এক বিক্রেতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাদের কেনা বেশি, তাই দাম বেশি রাখতে হচ্ছে।’তিনটি বাজারেই মুরগির দাম প্রায় স্থিতিশীল দেখা যায়। ছোট আকারের ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৫৫ থেকে ১৬০ টাকা কেজি দরে। বড় মুরগি ১৫০ থেকে ১৫৫ টাকা কেজিতে। পাকিস্তানি মুরগি ১৬৫ থেকে ১৭০ টাকা। দেশি মুরগি বিক্রি হয় ২৮০ থেকে ৩০০ টাকা কেজি।