চট্টগ্রামে সবার পছন্দ ‘রেড চিটাগাং’
পাগুলো খাটো। গায়ের রং লাল। ওজন আড়াই থেকে সর্বোচ্চ তিন মণ। চট্টগ্রামের একমাত্র স্থানীয় জাতের এই গরু ‘রেড চিটাগাং’ নামে পরিচিত। কোরবানির বাজারে মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্ত পরিবারের লোকজনের কাছে এই লাল বর্ণের গরুর চাহিদা বেশি। চট্টগ্রামের সবগুলো বাজারেই রয়েছে রেড চিটাগাং জাতের গরু। বিক্রিও হচ্ছে প্রচুর।পশু গবেষকদের সঙ্গে কথা বলে জানা যায়, রেড চিটাগাং দেখতে খুবই সুন্দর। এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য সব জাতের গরুর চেয়ে বেশি। মাংস সুস্বাদু বলে চাহিদাও বেশি। পাশাপাশি চামড়ার মানও খুব ভালো। আকারে অপেক্ষাকৃত ছোট হওয়ায় এই গরু মধ্যবিত্তদের সামর্থ্যের মধ্যেই থাকে। সারা বছর বাজারে রেড চিটাগাং তেমন একটা পাওয়া যায় না। তাই কোরবানির সময় এগুলোর সরবরাহ বেশি থাকে।গতকাল বৃহস্পতিবার বিবিরহাট ও কর্ণফুলী গরুর বাজারে গিয়ে দেখা যায়, বাজারের বিভিন্ন স্থানে বেঁধে রাখা হয়েছে এসব গরু। রোদ-বৃষ্টিতে কোনো সমস্যা হয় না বলে শামিয়ানাও টাঙাতে হয়নি। আশপাশের গ্রাম থেকে আনা হয়েছে এগুলো। রাউজান উপজেলার উরকিরচর থেকে বিবিরহাটে গরু এনেছেন আবুল হাশেম। তিনি বলেন, ‘দুপুরে তিনটি গরু এনেছি, বিকেলের মধ্যেই দুটি বিক্রি হয়ে গেছে। অন্যটিও কেনার জন্য একাধিক ক্রেতা আগ্রহ দেখিয়েছেন। অধিক দাম পাওয়ার আশায় গ্রাম থেকে শহরে এনেছি। পেয়েছিও তাই।’একইভাবে সাতকানিয়ার চরতি থেকে কর্ণফুলী বাজারে গরু এনেছেন মন্টু মিয়া। তিনি বলেন, ‘আমি বড় গরু মোটাতাজা করি না। কোরবানির তিন থেকে চার মাস পর স্থানীয় বাজার থেকে অপেক্ষাকৃত দুর্বল জাতের গরু কিনে নিই। বছরের বেশির ভাগ সময় এগুলো বিলে ও পাহাড়ে চরে খায়। কোরবানির তিন মাস আগে বাড়তি খাবার হিসেবে ভুসি দিই। তাতেই গরুগুলো মোটা ও সুন্দর হয়ে ওঠে।’চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক এ কে এম সাইফুদ্দিন প্রথম আলোকে বলেন, রেড চিটাগাংয়ের কেবল মাংসই নয়, দুধের গুণও খুব ভালো। আর এ জাতের গাভি প্রতিবছরই বাচ্চা দেয়। এগুলোর কোনো বিশেষ ধরনের খাবার দরকার হয় না বলে লালন-পালনের খরচও কম। চট্টগ্রামের একমাত্র জাতটি রক্ষার জন্য বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের (বিএলআরআই) সঙ্গে একটি যৌথ প্রকল্প শুরু হয়েছে। তিন বছর ধরে প্রকল্পটি চলছে। তিনি বলেন, অবহেলার কারণে রেড চিটাগাং বিলুপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ প্রকল্পের মাধ্যমে জাতটি বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে।পশু চিকিৎসক কমলকান্তি মজুমদার বলেন, রেড চিটাগাং জাতের গরুর কয়েকটি বৈশিষ্ট্য আছে। এগুলোর গায়ের রং, পায়ের ক্ষুর, চোখের ভ্রু আর শিং লালচে বর্ণের। পেটের আকার ছোট, খায় কম। বাড়তি কোনো যত্ন নিতে হয় না। দ্রুত বেড়ে ওঠে।