চট্টগ্রামে সমন জারি, শরীয়তপুরে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের বিরুদ্ধে গতকাল সোমবার চট্টগ্রাম ও শরীয়তপুরে দুটি মামলা হয়েছে। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে অসত্য ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে এ মামলাগুলো করা হয়। চট্টগ্রাম মহানগর হাকিম মাহাবুবুর রহমান আগামী ১৬ মে জয়নাল আবদিনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। শরীয়তপুরে জয়নাল আবদিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।চট্টগ্রামে মামলার বাদী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফউদ্দীন আহম্মদ। মামলার আরজিতে বলা হয়, জয়নাল আবদিন গত শুক্রবার জয় সম্পর্কে অসত্য ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। বাদীর কৌঁসুলি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে আসামি জয়নাল আবদিনের বিরুদ্ধে সমন জারি করেন এবং আগামী ১৬ মে তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।শরীয়তপুরে দায়ের করা মামলার বাদী জেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন হাওলাদার। বাদীপক্ষের আইনজীবী মীর শাহাব উদ্দিন জানান, জয়নাল আবদিনের বক্তব্যে সজীব ওয়াজেদ জয় ও আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্নসহ ১০০ কোটি টাকার মানহানি হয়েছে। আদালত জয়নাল আবদিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।জয়নাল আবদিন শুক্রবার সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর ছেলে জয় বিদেশে বসে অবৈধ ভিওআইপি ব্যবসা করেন। এতে প্রতিবছর এক হাজার ৫০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।