চট্টগ্রামে সমবায় দিবস পালিত
চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে গতকাল শনিবার জাতীয় সমবায় দিবস পালন করেছে বিভাগীয় সমবায় দপ্তর।
গতকাল সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আলেফ উদ্দিন। দিবসের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রেষ্ঠ সমবায় সমিতির মধ্যে পুরস্কার বিতরণ।
নুরুল আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম জেলা সমবায় কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ভূঁইয়া। ‘আর্থসামাজিক নিরাপত্তায় সমবায়’ শীর্ষক দিবসের মূল প্রতিপাদ্যের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হোসেন, বিপিসির পরিচালক মুহাম্মদ নূরুল আলম ও চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সহসভাপতি মহিবুল্লাহ চৌধুরী।
আলোচনা শেষে ছিল শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডসহ ১০টি সমিতিকে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সমিতি হিসেবে পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি