চট্টগ্রামে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত
চট্টগ্রামে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত গেয়েছেন হাজারো মানুষ। ‘বিশ্বব্যাপী কোটি কণ্ঠে জাতীয় সংগীত’ শিরোনামে নগরের চেরাগী পাহাড় মোড়ে এই কর্মসূচির আয়োজন করে গণজাগরণ মঞ্চ। গতকাল বুধবার বিকেল ৪টা ৩১ মিনিটে সম্মিলিতভাবে সবাই গেয়ে ওঠে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’
উদীচী চট্টগ্রাম জেলা সংসদের শিল্পী ও খেলাঘর চট্টগ্রাম মহানগরের শিশুরা জাতীয় সংগীত পরিবেশনায় নেতৃত্ব দেন। শিল্পীদের সঙ্গে কণ্ঠ মেলাতে হাজারো নারী-পুরুষ জাতীয় পতাকা হাতে উপস্থিত হন।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে গণজাগরণ মঞ্চের সদস্যসচিব চন্দন দাশ বলেন, ‘জাতীয় সংগীত কণ্ঠে নিয়ে আমরা শপথ নিচ্ছি এ দেশকে যত দিন পর্যন্ত যুদ্ধাপরাধী-রাজাকারমুক্ত, সাম্প্রদায়িকতামুক্ত, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ হিসেবে গড়তে না পারব, তত দিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’
ঘড়ির কাঁটা ৪টা ৩১ মিনিটে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই শুরু হয় জাতীয় সংগীত। চেরাগী চত্বরের আশপাশে যে যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে যান। বুকে হাত রেখে সবাই গেয়ে ওঠেন বিশ্বকবির অমর সৃষ্টি ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’।
জাতীয় সংগীত পরিবেশনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. শাহআলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী শরীফ চৌহান প্রমুখ।
বিজয় দিবস উপলক্ষে উদীচী চট্টগ্রামের উদ্যোগে নগরের চেরাগী পাহাড় চত্বরে গতকাল দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বিকেলে চেরাগী চত্বরে অনুষ্ঠিত হয় গণসংগীত ও আবৃত্তি অনুষ্ঠান। এতে উদীচী, প্রমা ও বোধনের শিল্পীরা অংশ নেন।