চট্টগ্রামে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের উদ্যোগে গতকাল বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়স ও শ্রেণি–পেশার মানুষ অংশ নেন l ছবি: প্রথম আলো
গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের উদ্যোগে গতকাল বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়স ও শ্রেণি–পেশার মানুষ অংশ নেন l ছবি: প্রথম আলো

বিজয়ের মাহেন্দ্রক্ষণ স্মরণে একসঙ্গে গাওয়া হলো ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।’ গতকাল শুক্রবার বিকেল ৪টা ৩১ মিনিটে গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের উদ্যোগে নগরের চেরাগী পাহাড় মোড়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করে।
অনুষ্ঠান শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে গণজাগরণ মঞ্চের নেতারা বলেন, যুদ্ধাপরাধী ও মৌলবাদমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বাংলাদেশের বিজয়ের মুহূর্তটা জাতীয় সংগীতের মধ্য দিয়ে স্মরণ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ঠিক বিকেল ৪টা ৩১ মিনিট অসংখ্য মানুষ সমবেত কণ্ঠে গেয়ে ওঠেন জাতীয় সংগীত। এ সময় সড়কে এবং ফুটপাতে দাঁড়িয়ে পথচারীরাও এই কর্মসূচিতে অংশ নেন। জাতীয় সংগীত পরিবেশনায় নেতৃত্ব দেন উদীচী চট্টগ্রাম ও খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সদস্যরা। জাতীয় সংগীত গাওয়ার পর ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে চেরাগী পাহাড় চত্বর। জাতীয় সংগীত পরিবেশনের আগে ও পরে গণসংগীত পরিবেশন করা হয়।
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার এই অনুষ্ঠানে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্যসচিব চন্দন দাশ, সমন্বয়ক শরীফ চৌহান ও সংগঠক রাশেদ হাসান। তাঁরা বলেন, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার উত্থান রুখতে গণজাগরণ মঞ্চ গণমানুষকে নিয়ে এগিয়ে যাচ্ছে। যত দিন এই দেশে যুদ্ধাপরাধী থাকবে, মৌলবাদ থাকবে, তত দিন মঞ্চের আন্দোলন চলবেই।