চট্টগ্রামে কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল রোববার বিকেলে নাসিমন ভবনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। তবে তারা নগরে মিছিল বের করতে পারেনি। এর আগে মিছিল নিয়ে সমাবেশে আসার পথে কাজীর দেউড়ি মোড়ে দলের নেতা-কর্মীদের পুলিশ বাধা দেয়।তত্ত্বাবধায়ক সরকার বাতিল ও আরাফাত রহমান কোকোর সাজার প্রতিবাদ এবং তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্র থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।গতকাল নাসিমন ভবনে সমাবেশ চলাকালে বাইরে লাভলেইন থেকে কাজীর দেউড়ির মোড় পর্যন্ত অন্তত ১২০ জন পুলিশ সদস্য মোতায়েন ছিল। বিএনপির নেতা-কর্মীদের মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে দেয়নি পুলিশ। এমনকি নাসিমন ভবন প্রাঙ্গণে সমাবেশের পরও মিছিল বের করতে পারেননি তাঁরা। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘সমাবেশে যোগ দেওয়ার জন্য কিছু নেতা-কর্মী জামায়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে জড়ো হয়েছিলেন। আমাদের মোবাইল দল তাঁদের বাধা দেয়। এরপর তাঁরা আর মিছিল বের করেননি।’সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন বলেন, ‘দেশে ১৪৪ ধারা চলছে না। অথচ বিএনপির নেতা-কর্মীদের মাঠে নামতে দেওয়া হচ্ছে না। এর জবাব জনগণ দেবে।’বক্তারা বলেন, ‘কোকোর বিচার সাজানো। যদি কোকো ও তারেক রহমানের বিচার করতে হয়, তাহলে শেখ কামালের ব্যাংক ডাকাতির বিচার করতে হবে। জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য এ হয়রানি করা হচ্ছে।’বক্তারা আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাদ দিয়ে আওয়ামী লীগ যেভাবে ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চাচ্ছে, জাতি তা মেনে নেবে না। অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল ও জিয়া পরিবারকে হয়রানি বন্ধ করতে হবে।’নগর বিএনপির সহসভাপতি সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তৃতা করেন সাবেক সাংসদ রোজী কবির, নগর কমিটির সহসভাপতি আবু সুফিয়ান, যুবদলের সাধারণ সম্পাদক কাজী বেলাল, ছাত্রদলের নেতা আহমেদুর রহমান।