চট্টগ্রামে সম্পন্ন পিঠা উৎসব

হরেক রকমের পিঠার সমাহার। চিতই, পাটিসাপটা, গোলাপ, ভাপা, নকশি, মাখন জামাইবরণ, কচি, বরই, কলা, তারা—তালিকায় কী নেই।
গ্রামবাংলার হরেক রকমের পিঠাপুলি নিয়ে বসেছিল পিঠা উৎসব। গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের ডিসি হিলে দিনব্যাপী এই উৎসব হয়। আগত দর্শনার্থীরা পিঠা পরখ করে দেখেছেন। কেউ কেউ নিয়েছেন স্বাদও।
শতায়ু অঙ্গন এই পিঠা উৎসবের আয়োজন করে। সকালে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন উৎসবের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও শতায়ু অঙ্গনের সভাপতি মনসুর আহমেদ উপস্থিত ছিলেন।
মেজবাহ উদ্দিন বলেন, ‘নগরজীবনে পিঠাপুলি বানানো এখন অনেক কমে গেছে। গ্রামবাংলার বাহারি পিঠা তৈরি আমাদের সংস্কৃতির অংশ। এ দেশে সামাজিক, পারিবারিক ও ধর্মীয় উৎসবে পিঠার প্রচলন বেশ পুরোনো। এ রকম আয়োজন আমাদের গ্রামবাংলার সংস্কৃতিকে মনে করিয়ে দেয়।’
পিঠা উৎসব উপলক্ষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ ছাড়া শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিগান ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।