চট্টগ্রামে সরকার ও গণজাগরণবিরোধী প্রচারপত্র উদ্ধার
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন মোমিন সড়কের কদম মোবারক এলাকার একটি ছাপাখানা থেকে সরকার ও শাহবাগের গণজাগরণ মঞ্চবিরোধী প্রচারপত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে এসব প্রচারপত্র উদ্ধার করে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন সেলিম প্রথম আলোকে বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শাহ মোহছেন আউলিয়া নামের ওই ছাপাখানায় অভিযান চালানো হয়। স্থানীয়রা প্রচারপত্র ছাপাতে আসা একজনকে আটক করেছিল। তবে আমরা পৌঁছানোর আগেই সে পালিয়ে যায়। প্রচারপত্রে সরকার ও শাহবাগের গণজাগরণ মঞ্চবিরোধী বিভিন্ন বক্তব্য লেখা ছিল।’পুলিশ সূত্র জানায়, ইসলামী ছাত্রশিবিরের নামে এসব প্রচারপত্র ছাপানো হয়। এতে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড এবং গণজাগরণ মঞ্চ থেকে ওঠা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির বিরোধিতা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাপাখানার মালিক ও শ্রমিকেরা পালিয়ে যায়। পুলিশ ওই ছাপাখানা থেকে ২৩০টি প্রচারপত্র ও একটি প্লেট উদ্ধার করেছে।