ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ জন্য সরকারি সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এতে পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস, সড়ক ও জনপদ বিভাগ, রেড ক্রিসেন্ট, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আনসার-ভিডিপিসহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান প্রথম আলোকে বলেন, সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে নিজ এলাকায় অবস্থান করতে বলা হয়েছে। সবার ছুটি বাতিল করা হয়েছে।
তাহমিলুর রহমান বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় জরুরি প্রয়োজনে ০১৮১৭৬৩৯১৮০ মুঠোফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।