সরকারি নির্দেশনার পরও চট্টগ্রাম নগরের প্রায় অর্ধশত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এগুলোর কোনোটিতে আবার পরীক্ষা এবং কোচিংও চলছে বলে জানিয়েছেন অভিভাবকেরা। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বেশির ভাগেরই রমজানের ছুটি শুরু হবে ১৫ জুলাই থেকে।
ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম চালু রাখার বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘আমরা এ ধরনের অভিযোগ পাওয়ার পরে ব্যবস্থা নিচ্ছি। সরকারি নির্দেশনা সবারই মানা উচিত। কেউ তা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সরকার পবিত্র রমজান, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ২৯ জুন থেকে আগামী ৬ আগস্ট পর্যন্ত সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কারিগরিসহ সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে।
সরকারি-বেসরকারি কলেজ (সরকারি আলিয়া মাদ্রাসা, টিটি কলেজ ও গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউটসহ) ও সমপর্যায়ের প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে শুধু জরুরি পাবলিক পরীক্ষা এবং একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম এর আওতাবহির্ভূত থাকবে।
কিন্তু কোনো কলেজের সাময়িক পরীক্ষা এর আওতায় পড়বে না। এটি কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা, পাবলিক পরীক্ষা নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট অভিজ্ঞ মহল।
এ প্রসঙ্গে চট্টগ্রাম বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘সরকারি নির্দেশনার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
অভিযোগ পাওয়া গেছে, চট্টগ্রাম নগরের বি এ এফ শাহীন স্কুল ও কলেজে গতকাল শনিবার সকাল থেকে একাদশ দ্বিতীয় বর্ষের বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। ১৪ জুলাই পর্যন্ত পরীক্ষা চলবে। এরপর বিজ্ঞান বিভাগের প্রায়োগিক (প্র্যাকটিক্যাল) পরীক্ষা শেষে রমজানের ছুটি কার্যকর হবে বলে জানা গেছে। এ ছাড়া এ প্রতিষ্ঠানে চলছে পঞ্চম ও অষ্টম শ্রেণির কোচিং। ১১ জুলাইয়ের পর তারা ছুটি পাবে।
এ বিষয়ে চট্টগ্রাম বি এ এফ শাহীন স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিন বলেন, ‘রমজানের পরে পরীক্ষা নেওয়ার সুযোগ থাকবে না। তাই পরীক্ষা নিয়ে নিচ্ছি। এ ছাড়া আমাদের কলেজ ও স্কুলের সব শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।’
কোচিং প্রসঙ্গে অধ্যক্ষ বলেন, ‘পঞ্চম ও অষ্টম শ্রেণির এক্সট্রা (অতিরিক্ত) ক্লাস নিচ্ছি সিলেবাস শেষ করার জন্য।’
অভিযোগ রয়েছে, শিক্ষক ও অভিভাবকদের আপত্তি সত্ত্বেও নগরের কয়েকটি সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে পরীক্ষা, কোচিং ও শ্রেণি কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এ মাস থেকেই পঞ্চম ও অষ্টম শ্রেণির কোচিং শুরু হয়েছে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়, কলেজিয়েট স্কুল, সরকারি মুসলিম হাইস্কুলে।
নাম প্রকাশে অনিচ্ছুক নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষক বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর ছুটির ঘোষণাকে স্বাগত জানাই। রমজান মাসে ছুটির নির্দেশনা উপেক্ষা করে কোচিং করানোর ব্যাপারে আমরা নীতিগতভাবে সম্মত হতে পারিনি। কারণ, এতে করে শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই ভোগান্তি পোহাতে হয়।’
এ ব্যাপারে সরকারি মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক এস এম জিয়াউল হায়দার হেনরি বলেন, ‘এসএসসি পরীক্ষার সময়ে ছুটি থাকায় এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ছুটি থাকায় আমরা অভিভাবকদের সম্মতিতে পঞ্চম ও অষ্টম শ্রেণির অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা নিয়েছি। ১৫-২০ রমজান পর্যন্ত ক্লাস চলবে।’
খোলা রাখা হয়েছে চট্টগ্রামের মেহেদীবাগ এলাকার ভিক্টোরিয়া পাবলিক স্কুল ও কলেজ। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষ রমজানে ছেলেমেয়েদের হয়রানি করার জন্য বিদ্যালয় খোলা রেখেছে।
অধ্যক্ষ আফরোজা বেগম বলেন, ‘ঈদের পরেই আমাদের টার্ম পরীক্ষা। তাই আমরা বিভিন্ন শ্রেণির ক্লাস টেস্ট নিতে খোলা রেখেছি। এগুলোর ফলাফল দেওয়ার পরে ১০ জুলাইয়ের মধ্যে ছুটি দেওয়া হবে।’