চট্টগ্রামে সরকারি প্রতিষ্ঠানের শীর্ষে সিটি করপোরেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ বিল বকেয়া সিটি করপোরেশনের।
গত বছরের ৩০ সেপ্টেম্বর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (দক্ষিণাঞ্চল) তৈরি করা সর্বশেষ তালিকা থেকে এ তথ্য জানা যায়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ বলেন, ‘পিডিবির কিছু বিলের ব্যাপারে আমাদের আপত্তি আছে। তবে এখন তহবিল সংকটের কারণে বিল পরিশোধে সমস্যা হচ্ছে। তহবিল হাতে এলেই বিল পরিশোধ করে দেওয়া হবে।’
জানা যায়, বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাজেট ঘাটতি অথবা তহবিল সংকটের কারণে নিয়মিত বিল পরিশোধ করতে পারে না। আবার মন্ত্রণালয়ের মাধ্যমে বকেয়া পরিশোধের প্রক্রিয়ার কারণেও কোনো কোনো প্রতিষ্ঠানের বিল পরিশোধে সময় ক্ষেপণ হয়। এ ছাড়া বিল নিয়ে আপত্তির কারণে কিছু কিছু প্রতিষ্ঠানের সঙ্গে মামলা থাকায় বিল পরিশোধে সংকট দেখা দেয়।
পিডিবি সূত্র জানায়, প্রতিষ্ঠানগুলো এ পর্যন্ত সব বকেয়া বিল জমা দিয়েছে সারচার্জ (মূল বকেয়ার ওপর পাঁচ শতাংশ করে জরিমানা বা ইন্টারেস্ট) ছাড়াই।
সারচার্জসহ চট্টগ্রাম সিটি করপোরেশনের বকেয়ার পরিমাণ ৫৯ কোটি ৬০ লাখ ২৫ হাজার ৮৮৫ টাকা। দ্বিতীয় স্থানে থাকা সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানের বকেয়া ১৮ কোটি ৩৮ লাখ ১৬ হাজার ৪৭৯ টাকা। তৃতীয় বিজেএমসির বকেয়া ১১ কোটি ৩৭ লাখ ৪৮ হাজার ১২৪ টাকা। চতুর্থ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন মসজিদ ও মন্দিরের বকেয়া নয় কোটি ৮৮ লাখ ৩৫ হাজার ৪৫১ টাকা। পঞ্চম অবস্থানে থাকা বাংলাদেশ টেক্সটাইলস মিলস করপোরেশনের বকেয়ার পরিমাণ পাঁচ কোটি ৯৫ লাখ ৮১ হাজার ৩৭৩ টাকা। ষষ্ঠ জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বকেয়া চার কোটি ৬৮ লাখ ২৪ হাজার ৪৬১ টাকা। সপ্তম পুলিশ বিভাগের বকেয়া দুই কোটি ৭৭ লাখ ৬১ হাজার ৩৩৬ টাকা। অষ্টম স্থানে থাকা সরকারের স্বাস্থ্য বিভাগের অধীন প্রতিষ্ঠানগুলোর কাছে পাওনা টাকার পরিমাণ দুই কোটি ৬৯ লাখ ৯৬ হাজার ৬৯৬। নবম স্থানে বাংলাদেশ রেলওয়ের বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ দুই কোটি ৬৪ লাখ ৬১ হাজার ৬৪২ টাকা। দশম স্থানে থাকা চট্টগ্রাম ওয়াসার কাছে পাওনা দুই কোটি ৬০ লাখ ৬৮ হাজার ৬২৩ টাকা।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চট্টগ্রামের (পিডিবি-দক্ষিণাঞ্চল) প্রধান প্রকৌশলী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখন সরকারি প্রতিষ্ঠানের বকেয়া বিলের পরিমাণ অনেক কমে এসেছে। মাস দুয়েকের বেশি তেমন বকেয়া নেই। তবে ইন্টারেস্টের পরিমাণ বেড়ে যাওয়ায় টাকার পরিমাণ বেড়ে যাচ্ছে। কারণ এসব প্রতিষ্ঠান শুধু বকেয়া বিলের মূল টাকাই পরিশোধ করে। বিল পরিশোধের ব্যাপারে এক মাস পর পর প্রতিটি প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়া হয় বলেও জানান তিনি।