
চট্টগ্রাম নগরের নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ভেতরে আজ শুক্রবার সকালে একটি কোচিং সেন্টারের পরীক্ষার্থীদের ছবি তোলার সময়ে প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল শীলকে বাধা দিয়েছেন সেন্টারের পরিচালক সোহেল, তাঁর ভাই মামুন ও চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর অনুসারী যুবলীগের সদস্য রসুল ইসলাম। তাঁরা প্রায় এক ঘণ্টা তাঁকে স্কুলের ভেতরে আটকে রাখেন। পরে প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ের দুজন প্রতিবেদক গিয়ে তাঁকে উদ্ধার করেন এবং ছবি তোলার সুযোগ করে দেন।
আজ সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যালয়ে নিয়মবহির্ভূতভাবে ইউসিসি নামে একটি কোচিং সেন্টারের বিশ্ববিদ্যালয়ে ভর্তির টেস্ট পরীক্ষা চলছিল। প্রায় দেড় হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আঞ্চলিক উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘সরকারি স্কুলে কোচিং সেন্টারের পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়ার কোনো সুযোগ আছে বলে জানা নেই। মন্ত্রণালয়ের এ রকম কোনো নির্দেশনা নেই। সরকার যেখানে কোচিং-বাণিজ্য বাদ দিয়ে ছেলেমেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানমুখী করার জন্য তাগিদ দিচ্ছে, সেখানে এ ধরনের কর্মকাণ্ড মন্ত্রণালয়ের বিরুদ্ধে কাজ করা হয়।’
উপপরিচালক তাঁর মন্তব্যে আরও বলেন, ‘আমি বিষয়টি শুনে সংক্ষুব্ধ হয়েছি। আগামী রোববার এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত ব্যাখ্যা চাইব। দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ জানাব।’
আজ সকালে নাসিরাবাদ সরকারি স্কুলে কোচিং সেন্টারের পরীক্ষা নেওয়ার খবর পেয়ে আলোকচিত্রী জুয়েল শীলকে সেখানে ছবি তোলার জন্য পাঠানো হয়। কিছুক্ষণ পরে জুয়েল ফোন করে জানান, তাঁকে ছবি তুলতে দেওয়া হচ্ছে না। জুয়েলের কাছ থেকে অভিযোগ জানার পরে প্রথমে কোচিং সেন্টারের পরিচালক সোহেলের সঙ্গে প্রথম আলোর একজন প্রতিবেদক মুঠোফোনে কথা বলে ছবি তোলার ব্যাপারে তাঁকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান। এর কিছুক্ষণ পরে জানা যায়, তাঁকে স্কুল থেকে বের হতে দেওয়া হচ্ছে না। এরপর প্রথম আলোর দুজন প্রতিবেদক নাসিরাবাদ স্কুলে গিয়ে কোচিং সেন্টারের পরিচালক সোহেলের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, ফটোগ্রাফারের পরিচয় জানার পর তাঁকে কোনো বাধা দেওয়া হয়নি। কেউ তাঁকে আটকে রাখেনি এবং হুমকি দেয়নি। তিনি রসুল ইসলামকে চেনেন না বলে দাবি করেন।
সোহেলের কাছে বিদ্যালয়ের ক্লাস ব্যবহারের অনুমতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রধান শিক্ষকের কাছে আমার লিখিত আবেদন জমা আছে।’ কিন্তু পরীক্ষা চলাকালে বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো লোকজনকে পাওয়া যায়নি এবং প্রধান শিক্ষকের কক্ষ বন্ধ ছিল।
পরে চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাশের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ইউসিসি কোচিং সেন্টারের মালিক সোহেল আমার পুরোনো ছাত্র। সেই হিসেবে তার মৌখিক অনুরোধে তাকে আধা ঘণ্টার জন্য বিদ্যালয় ব্যবহারের অনুমতি দিয়েছিলাম। কিন্তু তার প্রতিষ্ঠানের পরীক্ষার জন্য সে অতিরিক্ত সময় ব্যবহার করায় তাকে আমি ব্যক্তিগতভাবে তিরস্কার করেছি।’
প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল তাঁর অভিযোগে বলেন, ‘আজ সকালে স্কুলের ক্লাসরুমে পরীক্ষার্থীদের ছবি তুলতে গেলে কোচিং সেন্টারের পরিচালক সোহেল আমাকে ডেকে পাঠান। আমার পরিচয় জানার পরও তিনি আমাকে ছবি তুলতে না দিয়ে সেখানে অবস্থান করতে বলেন। এরপর তাঁর ভাই মামুন আমাকে ক্যামেরার মেমোরি কার্ড বের করতে এবং স্কুলের বাইরে তোলা ছবি ডিলিট করতে চাপ দেন। মামুন বলেন, “এখনি এগুলো ডিলিট কর, তা না হলে তোর চাকরি কেউ বাঁচাতে পারবে না।” এর কিছুক্ষণ পরে রসুল আমাকে স্কুলের মাঠের এক কোনায় নিয়ে গিয়ে ছবি তুলতে নিষেধ করে বলেন, “তোর মতো অনেক সাংবাদিককে মেরে ফেলেছি। বাড়াবাড়ি করবি না। তোকে এখানেই হজম করে ফেলব। তোর সম্পাদক আসলেও তোকে এখান থেকে নিয়ে যেতে পারবে না।’’’
হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে রসুল ইসলাম বলেন, ‘আমি এ ধরনের কথা বলিনি।’
চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু প্রথম আলো ডটকমকে বলেন, এ নামের কাউকে আমি চিনি না। সে এমনিতেই একটি অপরাধ করেছে, তার ওপর আমার নাম ভাঙিয়ে আরেকটি অপরাধ করল।’