চট্টগ্রামে সরকারি বিদ্যালয়ে কোচিং সেন্টারের পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ভেতরে গতকাল শুক্রবার সকালে নিয়মবহির্ভূতভাবে একটি কোচিং সেন্টারের বিশ্ববিদ্যালয়ে ভর্তির টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় পরীক্ষার্থীদের ছবি তোলার সময় প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল শীলকে বাধা দিয়েছেন সেন্টারের পরিচালক সোহেল, তাঁর ভাই মামুন এবং চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিনের অনুসারী যুবলীগের সদস্য রসুল ইসলাম। তাঁরা সকাল সোয়া ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত স্কুলের ভেতরে আটকে রাখে জুয়েলকে। পরে প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ের দুজন সাংবাদিক গিয়ে তাঁকে উদ্ধার করেন।
গতকাল সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যালয়ে ইউসিসি নামে একটি কোচিং সেন্টারের বিশ্ববিদ্যালয়ে ভর্তির টেস্ট পরীক্ষা চলছিল। প্রায় দেড় হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আঞ্চলিক উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সরকারি স্কুলে কোচিং সেন্টারের পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়ার কোনো সুযোগ আছে বলে জানা নেই। মন্ত্রণালয়ের এ রকম কোনো নির্দেশনা নেই। সরকার যেখানে কোচিং-বাণিজ্য বাদ দিয়ে ছেলেমেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানমুখী করার তাগিদ দিচ্ছে, সেখানে এ ধরনের কর্মকাণ্ড মন্ত্রণালয়ের বিরুদ্ধে কাজ করা হয়। আগামী রোববার এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত ব্যাখ্যা চাইব। দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ জানাব।’
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাশ মুঠোফোনে বলেন, ‘ইউসিসি কোচিং সেন্টারের মালিক সোহেল আমার পুরোনো ছাত্র। সেই হিসেবে তাঁর মৌখিক অনুরোধে আধা ঘণ্টার জন্য বিদ্যালয় ব্যবহারের অনুমতি দিয়েছিলাম। কিন্তু তাঁর প্রতিষ্ঠানের পরীক্ষার জন্য সে অতিরিক্ত সময় ব্যবহার করায় তাঁকে ব্যক্তিগতভাবে তিরস্কার করেছি।’
আলোকচিত্রী জুয়েল বলেন, ‘গতকাল সকালে স্কুলের ক্লাসরুমে পরীক্ষার্থীদের ছবি তুলতে গেলে কোচিং সেন্টারের পরিচালক সোহেল আমাকে ডেকে পাঠান। আমার পরিচয় জানার পরেও তিনি আমাকে ছবি তুলতে না দিয়ে সেখানে অবস্থান করতে বলেন। এরপর তাঁর ভাই মামুন আমাকে ক্যামেরার মেমোরি কার্ড বের করতে এবং স্কুলের বাইরে তোলা ছবি ডিলিট করতে চাপ দেন। মামুন বলেন, “এখনি এগুলো ডিলিট কর, না হলে তোর চাকরি কেউ বাঁচাতে পারবে না।” এর কিছুক্ষণ পরে রসুল আমাকে স্কুলের মাঠের এক কোনায় নিয়ে ছবি তুলতে নিষেধ করে বলেন, “তোর মতো অনেক সাংবাদিককে মেরে ফেলেছি। বাড়াবাড়ি করবি না। তোকে এখানেই হজম করে ফেলব”।’
তবে হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে রসুল ইসলাম বলেন, ‘আমি এ ধরনের কথা বলিনি।’
মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘রসুল নামের কাউকে আমি চিনি না। সে এমনিতেই একটি অপরাধ করেছে, তার ওপর আমার নাম ভাঙিয়ে আরেকটি অপরাধ করল।’