চট্টগ্রামে সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু
চট্টগ্রাম নগরের নয়টি সরকারি বিদ্যালয়ে শুরু হয়েছে ভর্তি পরীক্ষা। আজ মঙ্গলবার প্রথম দিনে পঞ্চম ও অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২৯ ডিসেম্বর।
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পঞ্চম শ্রেণি এবং বেলা একটা থেকে বেলা তিনটা পর্যন্ত অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক ও ভর্তি কমিটির সভাপতি মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ প্রথম দিনের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ২৯ ডিসেম্বর জেলা প্রশাসনের ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
আগামী ২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ষষ্ঠ শ্রেণির এবং বেলা একটা থেকে তিনটা পর্যন্ত সপ্তম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, এবার পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩ হাজার ৫৫৬টি শূন্য আসনে ভর্তির আবেদন করেছে ২৪ হাজার ৫৯০ শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ১৫ হাজার ৬৮৬ জন এবং ছাত্রী ৮ হাজার ৯০৪ জন। এর বাইরে বিভিন্ন কোটার জন্য আবেদন করেছে ১ হাজার ৩৯৪ শিক্ষার্থী। গত ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করে শিক্ষার্থীরা। নবম শ্রেণির ৭৭১টি আসনের বিপরীতে আবেদন করেছে চার হাজার সাতজন শিক্ষার্থী। এই শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা হবে না। জেএসসি ও এর সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই শ্রেণিতে ভর্তি করা হবে।