চট্টগ্রামে সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নয়টি সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। প্রথম দিনে পঞ্চম ও অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসক ও ভর্তি কমিটির সভাপতি মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রথম দিনের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে শেষ হয়েছে। ২৯ ডিসেম্বর জেলা প্রশাসনের ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পঞ্চম শ্রেণি এবং বেলা একটা থেকে তিনটা পর্যন্ত অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে ২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ষষ্ঠ শ্রেণির এবং বেলা একটা থেকে তিনটা পর্যন্ত সপ্তম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, এবার পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩ হাজার ৫৫৬টি শূন্য আসনের বিপরীতে আবেদন করেছে ২৪ হাজার ৫৯০ শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ১৫ হাজার ৬৮৬ জন ও ছাত্রী ৮ হাজার ৯০৪ জন। এর বাইরে বিভিন্ন কোটার জন্য আবেদন করেছে ১ হাজার ৩৯৪ শিক্ষার্থী।
নবম শ্রেণির ৭৭১টি আসনের বিপরীতে আবেদন করেছে ৪ হাজার ৭ জন শিক্ষার্থী। এই শ্রেণির জন্য ভর্তি পরীক্ষা হবে না। জেএসসি ও এর সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।