চট্টগ্রামে সরকারি শিক্ষকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি তিন দফা দাবিতে গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমিতির চট্টগ্রাম জেলা শাখার সদস্যরা এই কর্মসূচি পালন করেন। তিন দফা দাবির মধ্যে রয়েছে: সরকারি মাধ্যমিক শিক্ষকদের পদমর্যাদা সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী প্রথম শ্রেণীর গেজেটেড পদমর্যাদা বাস্তবায়ন, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়ন। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় মহাসচিব মো. মুজিবুর রহমান, চট্টগ্রাম জেলা সভাপতি মো. মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আফছার উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষায় গতিশীলতা আনতে ও মেধাবী শিক্ষকদের ধরে রাখতে তাঁদের পদমর্যাদা দেওয়ার কোনো বিকল্প নেই। তাঁরা অবিলম্বে তাঁদের ন্যায়সংগত তিন দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।