চট্টগ্রামে সরস্বতী পূজা উদযাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শনিবার সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী পূজা উদ্যাপন করেছেন। চট্টগ্রাম নগরের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাড়াও পরিবারে সরস্বতী পূজা করেন ভক্তরা। তাঁদের বিশ্বাস, দেবী সরস্বতীর আরাধনায় বিদ্যা লাভ হয়।
দেবীর আরাধনায় গতকাল সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ছিল বিদ্যার্থীদের ভিড়। সকালে পূজারি-ভক্তরা উপবাস পালন করে পলাশ ফুল, বেলপাতা, দূর্বাসহ পুষ্পাঞ্জলি দেন। প্রতিটি মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। বিভিন্ন মণ্ডপে রাত পর্যন্ত দর্শনার্থীদের ভিড় ছিল। পূজা উপলক্ষে অনেক মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি), চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ে সরস্বতী পূজার আয়োজন করা হয়।
নগরের জে এম সেন হল প্রাঙ্গণে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, সাউদার্ন বিশ্ববিদ্যালয়, ওমরগণি এমইএস কলেজ, চট্টগ্রাম আইন কলেজ ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতি পৃথকভাবে সরস্বতী পূজার আয়োজন করে। এ ছাড়া নগরের বিভিন্ন পাড়া-মহল্লায়ও সরস্বতী পূজা হয়।