চট্টগ্রামে সর্বোচ্চ ৬৯, সর্বনিম্ন ১৪ শতাংশ ভোট পড়েছে!
চট্টগ্রামের ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম থাকলেও ফলাফল ঘোষণার পর ভোট পড়ার হার দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। সেই সঙ্গে উঠেছে সমালোচনার ঝড়। জেলার ছয়টি আসনে ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী সবচেয়ে বেশি ভোট পেয়েছেন বলে দেখানো হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানও এই আসনে, যা এক লাখ ৭৩ হাজার ৫৬৭। এই আসনেও সবচেয়ে বেশি ভোট পড়েছে, যা ৬৮ দশমিক ৯৫ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে, যার হার মাত্র ১৩ দশমিক ৭৩ শতাংশ।
চট্টগ্রামে ১৬টির মধ্যে ইতিপূর্বে সাতটি আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। রোববার বাকি নয়টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের একতরফা নির্বাচনে চট্টগ্রাম নগরের তিনটি আসনে ২৮ শতাংশ ও গ্রামের ছয়টি আসনে ৫৪ দশমিক ১৬ শতাংশ ভোট পড়েছে বলে দেখানো হয়। চট্টগ্রাম-১১ আসনে ভোট প্রদানের চিত্রের সঙ্গে ঘোষিত ফলাফলের সামঞ্জস্য আছে বলে স্থানীয়রা মনে করছেন। এই আসনে নির্বাচিত হন এম এ লতিফ, যার নানা কর্মকাণ্ড নিয়ে বিতর্ক আছে। লতিফের প্রাপ্ত ভোট ৬৪ হাজার ৩২ ভোট। এই আসনে ভোটারের সংখ্যা চার লাখ ৮৪ হাজার ৯৭৯।
চট্টগ্রামের বন্দর এলাকার বাসিন্দা ও নগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ইলিয়াছ প্রথম আলোকে বলেন, ‘আমার এলাকায় নিরপেক্ষ নির্বাচন হয়েছে। কোনো কেন্দ্রে একটি জাল ভোটও পড়েনি। তবে ভোটারদের উপস্থিতি খুব কম ছিল, ফলাফল দেখলে তা বোঝা যায়।’ যোগাযোগের চেষ্টা করে এম এ লতিফের মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।
চট্টগ্রামে সবচেয়ে বেশি ভোট পড়েছে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-পশ্চিম পটিয়া) আসনে। এই আসনে নির্বাচিত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরীর বড় ছেলে সাইফুজ্জামান চৌধুরী। তাঁর প্রাপ্ত ভোট এক লাখ ৭৮ হাজার ৯৮৫ ভোট। অস্বাভাবিক ভোট পড়া প্রসঙ্গে সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘মানুষের ভালোবাসা আমি পেয়েছি। সে কারণে অনেক বৃদ্ধ আমাকে ভোট দিয়েছেন।’ আনোয়ারা এলাকার এক ভোটার নাম প্রকাশ না করে বলেন, ‘কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ও ঘোষিত ফলাফলের মধ্যে আমরা সামঞ্জস্য খুঁজে পাচ্ছি না। আমাদের ধারণা, ভোট পড়ার হার ৩০ থেকে ৪০ শতাংশ হতে পারে। কিন্তু ব্যালটে সিল মেরে ভোটের হার বাড়ানো হয়েছে বলে আমাদের ধারণা।’ চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ভোট পড়েছে ৬৫ দশমিক ৯৪ শতাংশ। এই আসনে বিজয়ী দেখানো হয়েছে আওয়ামী লীগের মাহফুজুর রহমানকে। তবে জামায়াত-শিবির অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ভোট পড়েছে ৩২ দশমিক ৫৪ শতাংশ। এই আসনেও জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এবারের নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ৪৩ দশমিক ০৭, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ৫৬ দশমিক ৩৮ ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৫৮ দশমিক ০৪ শতাংশ ভোট পড়েছে।