চট্টগ্রামে সাংবাদিক আলী হায়দার স্মরণসভা
দৈনিক বণিক বার্তার চট্টগ্রামের সাবেক ব্যুরোপ্রধান সাংবাদিক শেখ আলী হায়দারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামে পত্রিকাটির কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক আলী হায়দার আমৃত্যু মেহনতি মানুষের জন্য কাজ করে গেছেন। শ্রমিক রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে নিজেকে সাধারণ মানুষের কাতারে নিয়ে গেছেন।
বণিক বার্তা চট্টগ্রাম ব্যুরোপ্রধান রাশেদ এইচ চৌধুরীর সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন, সাবেক ছাত্রনেতা সৈয়দ এম সাইফুদ্দিন, পোশাক প্রতিষ্ঠান রিজেন্সির কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।
গত বছরের ৩০ মার্চ সাংবাদিক শেখ আলী হায়দার ইন্তেকাল করেন। সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেওয়ার আগে তিনি শ্রমিক আন্দোলন ও বামপন্থী রাজনীতিতে যুক্ত ছিলেন। স্মরণসভায় তাঁর স্ত্রী দেলোয়ারা বেগম ও মেয়ে জান্নাতুল নাঈম উপস্থিত ছিলেন।