চট্টগ্রামে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও খুনিদের বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রতিবাদ সমাবেশ হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপিপন্থী সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) যৌথভাবে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঐক্যবদ্ধভাবে সমাবেশের আয়োজন করে। প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই সমাবেশে বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, সংবাদপত্রের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হলে সে নির্দেশ মানতে সাংবাদিকেরা বাধ্য নন। তিনি বলেন, ‘আমাদের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হলে সে নির্দেশ আমরা মানতে বাধ্য নই। প্রয়োজনে আদালত অবমাননার অভিযোগ আনতে পারেন।’সমাবেশে বিএফইউজের অপর অংশের সভাপতি রুহুল আমীন গাজী ও মহাসচিব শওকত মাহমুদ বক্তব্য দেন।বক্তারা হত্যাকাণ্ডের এত দিন পরও খুনিরা গ্রেপ্তার ও তাদের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। রুহুল আমীন গাজী বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সাজানো তদন্ত হচ্ছে। সাংবাদিক দম্পতি খুনের ঘটনায় এ ধরনের সাজানো তদন্ত আমরা কখনো মেনে নেব না।’ সাংবাদিক নেতারা বলেন, কাউকে ক্ষমতায় আনার জন্য, কিংবা কাউকে ক্ষমতা থেকে নামাতে সাংবাদিকেরা কাজ করেন না। তাঁরা পেশাগত দায়িত্ব থেকে কাজ করেন।সিএমইউজের সভাপতি শামসুল হক হায়দরীর সভাপতিত্বে এবং সিইউজের সাধারণ সম্পাদক নাজিমুুদ্দীন শ্যামলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএফইউজের সহসভাপতি মোস্তাক আহমেদ, সিইউজের সভাপতি শহীদুল আলম, বিএফইউজের যুগ্ম মহাসচিব মুস্তফা নঈম, আসিফ সিরাজ, প্রবীণ সাংবাদিক নেতা ওবায়দুল হক, আতাউল হাকিম, এম নাসিরুল হক প্রমুখ।