চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল ভোট ও সংঘর্ষের ছবি ধারণ করতে গিয়ে প্রার্থীর সমর্থকদের হামলায় চট্টগ্রামে তিনজন সাংবাদিক আহত হয়েছেন। এঁরা হচ্ছেন বেসরকারি টেলিভিশন একাত্তরের স্টাফ রিপোর্টার আজাদ তালুকদার, ক্যামেরাপারসন জহিরুল ইসলাম ও আরটিভির ক্যামেরাপারসন পারভেজুর রহমান। হামলায় দুটি ক্যামেরাও ভেঙে দেওয়া হয়েছে।

একাত্তরের স্টাফ রিপোর্টার আজাদ তালুকদার বলেন, সকাল ১০টার দিকে দক্ষিণ হালিশহর কেজি অ্যান্ড হাইস্কুল কেন্দ্রের বাইরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। ঘটনাটি ক্যামেরায় ধারণ করার সময় সংঘর্ষকারীদের কয়েকজন ক্যামেরাপারসন জহিরুলের ওপর হামলা চালায়। তারা লাঠি দিয়ে দিয়ে জহিরুলের মাথা ফাটিয়ে দেয় এবং ক্যামেরাটি কেড়ে নিয়ে ভাঙচুর করে। তিনি বলেন, ‘তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে আমাকেও তাঁরা মারধর করেছে। আক্রমণকারীদের সবার গলায় হাতি প্রতীকের কার্ড ঝুলছিল। পুলিশ ও র‌্যাব চুপচাপ ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল।’

আহত তিন সাংবাদিক চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জহিরুলের মাথায় বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।

আগ্রাবাদ ব্যাপারীপাড়ার তালিবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জালভোটের ছবি তুলতে গিয়ে হামলায় আহত হয়েছেন আরটিভির ক্যামেরাপারসন পারভেজুর রহমান। আরটিভির স্টাফ রিপোর্টার কাজী মনজুরুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে কেন্দ্রের মহিলা বুথে ঢুকে বেশ কয়েকজন পুরুষ ভোট দিচ্ছিলেন। তাঁদের গলায় ছিল হাতি প্রতীকের কার্ড। এই ঘটনার ছবি ধারণ করতে গেলে তারা পারভেজের ওপর হামলা চালায় ও ক্যামেরা ভেঙে ফেলে।