চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ
চট্টগ্রাম প্রেসক্লাবে ও সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
প্রেসক্লাবে ও চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে এই দাবি জানানো হয়। প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার।
গত মঙ্গলবার প্রেসক্লাবের সামনে সড়কের দুপাশ অবরোধ করে মানববন্ধন করছিল ঐক্যবদ্ধ সচেতন সনাতন সমাজ বাংলাদেশ নামের একটি সংগঠন। এতে সড়কে যানজট দেখা দেয়। এ সময় আয়োজকদের সড়কের এক পাশ যান চলাচলের জন্য ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন যুবক চার-পাঁচজন সাংবাদিককে মারধর করেন। তাঁরা একপর্যায়ে প্রেসক্লাবেও হামলা চালান।
সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, চট্টগ্রাম প্রেসক্লাবের ইতিহাসে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা আর কখনো ঘটেনি। এই প্রেসক্লাব সব সময় নির্যাতিতদের কথা বলে। নির্যাতন ও নিপীড়নের শিকার মানুষ প্রেসক্লাবে ছুটে আসেন। আর সাংবাদিকেরা এসব নির্যাতন ও মানুষের দুর্দশার খবর তুলে ধরেন। আর সেই প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বক্তারা বলেন, সাংবাদিক ও প্রেসক্লাবের সঙ্গে কারও বিরোধ নেই। বিশেষ করে সংখ্যালঘুদের প্রতি সাংবাদিকেরা সব সময় সংবেদনশীল। এখানে ভুল-বোঝাবুঝির কোনো অবকাশ নেই। এই সমাবেশ কোনো সংগঠনের বিরুদ্ধে নয়। যারা প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর হামলা করেছে, তাদের শাস্তির দাবি জানাতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, সিইউজের সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, এজাজ ইউসুফী, প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি কাজী আবুল মনসুর, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিএফইউজের যুগ্ম সম্পাদক তপন চক্রবর্তী, একুশে টিভির আবাসিক প্রধান রফিকুল বাহার, সিইউজের কোষাধ্যক্ষ উজ্জ্বল ধর।