চট্টগ্রামে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এবং ঢাকায় সাংবাদিকদের মানববন্ধনে হামলার প্রতিবাদে সমাবেশ করেছেন চট্টগ্রামের সাংবাদিকেরা। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এই সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, সাগর-রুনির হত্যার বিচারের দাবিতে দেশে দলমত-নির্বিশেষে যখন সাংবাদিকদের ঐক্য গড়ে উঠছে, তখনই গত রোববার সাংবাদিকদের মানববন্ধনে হামলা চালানো হয়। এটা সাংবাদিকদের ঐক্য বিনষ্ট করার অপচেষ্টা। সমাবেশ থেকে সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান সাংবাদিক নেতারা। প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে সিইউজের সভাপতি শহীদ উল আলম বলেন, ‘সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সাংবাদিকদের মানববন্ধনে হামলাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।’ সিইউজের যুগ্ম সম্পাদক ম. শামসুল আলমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, বিএফইউজের সহসভাপতি মোস্তাক আহমদ, সিএমইউজের সভাপতি শামসুল হক হায়দরী, সিইউজের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, সাংবাদিক মাহবুবুল আলম, এম নাসিরুল হক, আতাউল হাকিম এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এটিএন বাংলার চট্টগ্রাম বিভাগীয় প্রধান আলী আব্বাস।