চট্টগ্রামে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইউনিভার্সেল হেলথ কভারেজ’ শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে শেষ হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) যৌথভাবে দুই দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর। তিনি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।
শাহ আলমগীর বলেন, সাংবাদিকতা মহান পেশা। এই পেশাকে যেন কলঙ্কিত করা না হয়। সাংবাদিকদের কলমের একটি খোঁচায় অনেকের জীবন যেমন বিপন্ন হতে পারে, তেমনি সাংবাদিকদের লেখনী সমাজ ও দেশের উপকার বয়ে আনতে পারে।
সিইউজের সভাপতি এজাজ ইউসুফীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, বিএমএ চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস ও নির্বাহী সদস্য রাশেদ মাহমুদ।
কর্মশালায় ৪০ জন সাংবাদিক অংশ নেন৷