সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকেরা গতকাল রোববার সকালে মানববন্ধন ও সমাবেশ করেছেন। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় অনুষ্ঠিত সমাবেশে তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।‘চট্টগ্রামে কর্মরত সাংবাদিক’-এর ব্যানারে আয়োজিত কর্মসূচি থেকে সাংবাদিক নেতারা বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় তাঁরা ক্ষুব্ধ, শোকাহত। তাঁরা বলেন, নিজ বাসায় সাংবাদিক দম্পতির খুন হওয়া পুরো সাংবাদিক সমাজের নিরাপত্তাহীনতা প্রমাণ করে।মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুল হক হায়দরী।কর্মসূচিতে চট্টগ্রামের বিপুলসংখ্যক সাংবাদিক ছাড়াও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম সুজন ও নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান অংশ নেন।এদিকে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিক দম্পতি খুনের ঘটনায় বিবৃতি দিয়েছেন। তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি সরকারেরও কঠোর সমালোচনা করেন তিনি।