চট্টগ্রামে সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল শনিবার রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. নুরুল আমিন এই কমিটি গঠন করেন। গত শুক্রবার যোগাযোগমন্ত্রীর প্রেস ব্রিফিংয়ের পরপরই শ্রমিক লীগের নেতারা সাংবাদিকদের লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের দুটি মুঠোফোন ও একটি টেপরেকর্ডার খোয়া গেছে বলে জানা গেছে।রেলওয়ের মহাব্যবস্থাপক নুরুল আমিন প্রথম আলোকে বলেন, সহকারী মহাব্যবস্থাপক এ কে এম মকশেদুল আরেফিনকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য তিন সদস্য হলেন গণসংযোগ কর্মকর্তা রাশেদা সুলতানা, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট শাহ আলম ও জ্যেষ্ঠ ওয়েলফেয়ার কর্মকর্তা গোলাম কিবরিয়া। তাঁদের এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।গত শুক্রবার দুপুরে চট্টগ্রামে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের প্রেস ব্রিফিংয়ে যান স্থানীয় সাংবাদিকেরা। এ সময় দুই সাংবাদিকের মুঠোফোন ও টেপরেকর্ডার খোয়া যায়। এ ঘটনা নিয়ে একপর্যায়ে রেলওয়ে শ্রমিক লীগের নেতা-কর্মীরা সাংবাদিকদের লাঞ্ছিত করেন। এ ঘটনায় মন্ত্রী দুঃখ প্রকাশ করেন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কমিটি করার নির্দেশ দেন।রেলওয়ে শ্রমিক লীগ শুক্রবারের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য তারা সবাইকে অনুরোধ করছে।