চট্টগ্রামে সাংসদ রেজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টি থেকে বহিষ্কার হওয়ার দুই দিন পর সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এইচ এম গোলাম রেজার বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মানহানির মামলা করেছেন জাপার নগর আহ্বায়ক কমিটির এক সদস্য। সাবেক রাষ্ট্রপতি ও জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে গতকাল সোমবার দুপুরে তাঁর বিরুদ্ধে চট্টগ্রামের অতিরক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাসানুল ইসলামের আদালতে মামলাটি করা হয়। মামলার বাদী আবু তাহের (৩৩) জাপার নগর শাখার আহ্বায়ক কমিটির সদস্য। আদালত মামলাটি গ্রহণ করে ঘটনা তদন্তের জন্য নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলার বাদীর আইনজীবী লিটন কান্তি গুহ প্রথম আলোকে বলেন, আদালত আগামী ১৮ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। বাদী আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘এইচ এম রেজা দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যমে দেওয়া বক্তব্যে জাপা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদকে মিথ্যাভাবে হেয় প্রতিপন্ন করেছেন। এ কারণে তাঁর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছি।’উল্লেখ্য, গত শনিবার সাংসদ এইচ এম গোলাম রেজাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর আগে প্রতারণার অভিযোগ এনে ২ অক্টোবর গোলাম রেজাকে জাপার সভাপতিমণ্ডলীর সদস্যপদ ও সংসদীয় দলের হুইপের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।