চট্টগ্রামে সাংসদ লতিফের কুশপুতুল দাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃত করার ঘটনায় মানববন্ধন শেষে সাংসদ এম এ লতিফের কুশপুতুল দাহ করেছে জয়ধ্বনি নামের একটি সংগঠন। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা এম এ লতিফের সংসদ সদস্যপদ খারিজ এবং তাঁর শাস্তির দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জয়ধ্বনির সভাপতি জয়নাল আবেদীন। এতে বক্তৃতা করেন জাগ্রত ছাত্র যুব জনতার আহ্বায়ক এ এস এম জাহিদ হোসেন, হাসানুল আলম চৌধুরী, মো. সালাহ উদ্দিন, জাহেদ আহমদ চৌধুরী, ইমরান আহমেদ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, বঙ্গবন্ধুর ছবি বিকৃতির দায় সাংসদ লতিফ একজন গ্রাফিক ডিজাইনারের ওপর চাপানোর চেষ্টা করছেন। রাষ্ট্রের উচিত ওই ডিজাইনারের সাক্ষ্য নিয়ে তাঁর নিরাপত্তা দেওয়া, যাতে আসল হোতা আইনের আওতায় আসে।