চট্টগ্রামে সাংসদের বাড়ির সামনে যুবলীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কর্নেলহাট এলাকায় ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগে দুটি আবাসিক হোটেল বন্ধ করে দেওয়ার জের ধরে গত শুক্রবার রাতে স্থানীয় ক্ষমতাসীন দলের সাংসদ দিদারুল আলমের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন যুবলীগের নেতা-কর্মীরা। অভিযোগ আছে, নগর যুবলীগের সাবেক নেতা ফেরদৌস খোকনের ছত্রচ্ছায়ায় হোটেল দুটিতে ওই সব কাজ চলত। এর মধ্যে একটি হোটেলের ভবন মালিক ফেরদৌস।
গতকাল শনিবার সরেজমিনে ঘুরে জানা গেছে, কর্নেলহাট এলাকায় পাশাপাশি দুটি ভবনে অবস্থিত ডায়মন্ড ও স্টারমার্ক নামের হোটেল দুটি। এর মধ্যে স্টারমার্কের মালিক সাবেক যুবলীগ নেতা ফেরদৌস। ভবন দুটির তৃতীয় তলা পর্যন্ত ভাড়া দেওয়া ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানকে। চতুর্থ তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত আবাসিক হোটেল। মাস খানেক আগে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় উভয় হোটেল সিলগালা করে দিয়েছিলেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আসিফ ইমতিয়াজ। এরপর হোটেলসংশ্লিষ্ট ব্যক্তিরা প্রধান ফটকের পরিবর্তে পেছনের দরজা দিয়ে আবার অসামাজিক কার্যকলাপ শুরু করেন।
বৃহস্পতিবার রাত ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত হোটেল দুটিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সাংসদ দিদারুল আলম। অভিযানে সেখান থেকে ৪১ জন নারী ও ৩০ জন পুরুষকে আটক করে এক মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আবার সিলগালা করে দেওয়া হয় হোটেল দুটি।
স্থানীয় বাসিন্দা আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, হোটেল দুটিতে সন্ধ্যার পর হাজির হতো মেয়েরা। তখন এলাকার উঠতি বয়সী ছেলে ছাড়াও গাড়িচালক ও অপরিচিত লোকজনের আনাগোনা দেখা যেত। হোটেলের প্রতিটি কক্ষ ঘণ্টা হিসেবে ৫০০ টাকা করে ভাড়া দেওয়া হতো বলে তিনি শুনেছেন। এ ছাড়া সেখানে মাদকের ব্যবসাও চলত বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার রাতের অভিযানের ঘটনায় ক্ষুব্ধ যুবলীগের কিছু নেতা-কর্মী শুক্রবার রাতে সাংসদ দিদারুল আলমের সিটি গেট এলাকার বাড়ির সামনে বিক্ষোভ করেন। মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সরওয়ার মোর্শেদ ও সাবেক যুবলীগ নেতা ফেরদৌস খোকন ওই বিক্ষোভে নেতৃত্ব দেন। তাঁরা অভিযানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
তবে হোটেল দুটির সঙ্গে নিজের সরাসরি সংশ্লিষ্টতা অস্বীকার করেন সাবেক যুবলীগ নেতা ফেরদৌস খোকন। তাঁর দাবি, ‘হোটেলে অসামাজিক কার্যক্রম চলত না।’
সাংসদের বাড়ির সামনে বিক্ষোভের বিষয়ে যুবলীগ নেতা সরওয়ার মোর্শেদের বক্তব্য, ‘অভিযানের সময় আমাদের এমপি বিএনপি-জামায়াতের লোকজন নিয়ে ঘটনাস্থলে যান। কেবল এখানেই আমাদের আপত্তি।’
মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ বলেন, ‘সরওয়ার যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। ফেরদৌসের ব্যাপারে আমি কিছু জানি না। হোটেলে অবৈধ কাজের বিষয়েও আমি কিছু জানি না।’
সাংসদ দিদারুল আলম বলেন, ‘আমার এলাকায় অসামাজিক কার্যক্রম ও মাদক ব্যবসার কারণে উঠতি বয়সের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছিল। এ জন্য আমি ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেছি।’