চট্টগ্রামে সাংসদের বিরুদ্ধে আ.লীগের ২৬ নেতার বিবৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগের সাংসদ এম এ লতিফকে ক্ষমা চাওয়ার জন্য তাঁর নির্বাচনী এলাকার ২৬ জন নেতা গতকাল সোমবার বিবৃতি দিয়েছেন। নইলে এই সাংসদকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
চট্টগ্রাম-১১ আসনের অন্তর্ভুক্ত বিভিন্ন ওয়ার্ড ও নগর আওয়ামী লীগের ২৬ জন নেতা এক বিবৃতিতে বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে প্রার্থীর পক্ষে স্থানীয় আওয়ামী লীগ কাজ করেনি বলে সাংসদ এম এ লতিফ নির্বাচনের পরে অভিযোগ করেন। তাঁর এই অভিযোগ সত্য নয়। কারণ দলের লোকজন ভোট না দিলে তিনি কীভাবে সাংসদ নির্বাচিত হয়েছেন? এর জন্য সাংসদ লতিফকে ক্ষমা চাইতে হবে। নইলে তাঁকে শুধু অবাঞ্ছিত নয়, এলাকা থেকে বিতাড়িত করা হবে।’
সাংসদ এম এ লতিফ এ প্রসঙ্গে বলেন, ‘আমি তো সংগঠনের কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ করিনি। আমার দলের নেতা-কর্মীদের ভোটে তো আমি এমপি নির্বাচিত হয়েছি। বিবৃতিদাতারা আমার এই কাল্পনিক বক্তব্য কোত্থেকে শুনেছেন, সেটা বোধগম্য নয়। আট-দশ দিন আগেও আমার বিরুদ্ধে কিছু ব্যক্তি অনুরূপ অভিযোগ এনেছিলেন। পরে যাচাই করে দেখলাম, অভিযোগকারী ব্যক্তিরা ওই বিবৃতি সম্পর্কে কিছুই জানতেন না। এটাও ভুয়া বিবৃতি কি না, দেখতে হবে।’ গতকাল বিবৃতিতে সই করেন জহুর আহমদ, নজরুল ইসলাম, আবদুল আহাদ, মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।