চট্টগ্রামে সাংসদের সামনে আ.লীগের দুই পক্ষের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-১২ আসনের সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদের চট্টগ্রাম নগরের সার্সন রোডের বাসায় গত রোববার রাতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে।
এ সময় বাড়ির বাইরে কয়েকটি ফাঁকা গুলির শব্দ পাওয়া যায়। এতে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।
জানা গেছে, আনোয়ারা বৈরাগ ইউনিয়নের আওয়ামী লীগের নবগঠিত কমিটি রোববার রাতে সাইফুজ্জামানকে ফুল দিতে আসেন। একই সময়ে কমিটিতে স্থান না পাওয়া লোকজনও সাংসদের সঙ্গে দেখা করতে আসেন। রাত সাড়ে ১০টার সময় দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটির পর হাতাহাতি শুরু হয়। পরে বাসা থেকে পুলিশ দুই পক্ষকে বের করে দেয়। এরপর সামনের সড়কে এসে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। তখন কয়েকটি গুলির শব্দ শোনা যায়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক উৎপল বড়ুয়া বলেন, সাংসদের বাসায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তাদের বের করে দেওয়া হয়। পরে রাস্তায় পাল্টাপাল্টি ধাওয়া হয়।