শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
চট্টগ্রামে সাউদার্ন মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের বেসরকারি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান সাউদার্ন মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে গতকাল সন্ধ্যা সাতটার মধ্যে ছাত্রদের এবং আজ বুধবার সকাল আটটার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ মো. হাসানুজ্জামান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীরা কিছু অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলন শুরু করে। এ নিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানালে তারা আলোচনায় বসেনি। এই অবস্থায় শিক্ষার এবং হাসপাতালের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে কলেজ বন্ধ ঘোষণা করেছি।’কলেজ সূত্র জানায়, কলেজের প্রথম তিন ব্যাচের শিক্ষার্থীরা দুই দফা দাবিতে গতকাল সকাল থেকে ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে: ৬০ মাসের বেশি বেতন দেওয়া হবে না এবং ইন্টার্নশিপ ফি বাবদ ৮৪ হাজার টাকার বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া বন্ধ করতে হবে।শিক্ষার্থীরা এ দুই দফা দাবিতে হাসপাতাল ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন। পরে দুুপুর দুইটার দিকে তাঁরা কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন।এই পরিস্থিতিতে দুুপুর আড়াইটার দিকে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ফারুক বলেন, শিক্ষার্থীরা দাবিদাওয়া নিয়ে আন্দোলন শুরু করেন। এ পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ কলেজ বন্ধ ঘোষণা করে। তিনি বলেন, পুলিশ ওই এলাকায় নিয়মিত টহল দেবে।শিক্ষার্থীদের অভিযোগ, ভর্তির সময় কলেজ কর্তৃপক্ষ ৬০ মাসের বেশি বেতন এবং ইন্টার্নশিপ ফি নেওয়া হবে না বলে মৌখিক আশ্বাস দিয়েছিল। কিন্তু সম্প্রতি কর্তৃপক্ষ তাঁদের ওপর এ ফি চাপিয়ে দেয়। এই ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করলে কর্তৃপক্ষ কলেজ বন্ধ ঘোষণা করেছে।কলেজের অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের এ ধরনের কোনো আশ্বাস দেওয়া হয়নি।