সরকার ও ১৫ আগস্ট সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী গতকাল বুধবার জামিন পেয়েছেন। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া এই জামিন মঞ্জুর করেন। আদালত আগামী ২৫ মে মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন। আদালত সূত্র জানায়, গতকাল সকালে বিপুলসংখ্যক আইনজীবী নিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানির পর আদালত জামিন মঞ্জুর করেন। এর পর তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।সূত্র জানায়, চট্টগ্রামের ফটিকছড়িতে গত ২০ নভেম্বর স্থানীয় বিএনপির সম্মেলনে সরকার ও ১৫ আগস্ট সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ৩ ডিসেম্বর দণ্ডবিধির ১২৪(ক)/৫০৫ ধারায় মামলাটি করেন নগরের বাদুরতলা শুলকবহরের মো. আবু তাহের উদ্দীন। এই মামলায় তিনি হাইকোর্ট থেকে প্রথমে দুই মাস ও পরে ২৫ জানুয়ারি আরও ছয় মাসের অন্তর্বর্তী জামিন পান। চট্টগ্রাম জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী উসকানিমূলক বক্তব্য দিয়ে ধৃষ্টতা দেখিয়েছেন।’