চট্টগ্রামে সাকা চৌধুরীর দুই ক্যাডারসহ ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ ও র্যাবের পরিচয়ে ছিনতাই এবং ডাকাতির অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়ায় গত শনিবার রাতে ছয়জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ছয়টি গুলিসহ অত্যাধুনিক একটি পিস্তল, একটি ওয়াকিটকি ও একটি হাতকড়া উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজন বিএনপির বিতর্কিত নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, জামাত আলী ওরফে বাছাইয়া (৩৬), বিকাশ কুমার দেওয়ানজি (৩৫), শহীদুল আলম (৩২), শাহাদাৎ ইসলাম (২৮), নাসের (২৬) ও ফারুক (৩০)। জামাত ও বিকাশের গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া এলাকায়। তাঁরা সাকা চৌধুরীর অনুসারী ক্যাডার হিসেবে পরিচিত।পুলিশ সূত্র জানায়, জামাত এর আগে অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেপ্তার হন। ফারুক ওয়াকিটকিসহ গত বছর শহরে একবার গ্রেপ্তার হয়েছিলেন। ছয়জনের প্রত্যেকের বিরুদ্ধে দুই থেকে এক ডজন পর্যন্ত মামলা আছে।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জেড এ মোরশেদ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ডাকাতদের লক্ষ্য ছিল হুন্ডি ব্যবসায়ীদের দিকে। এ ছাড়া র্যাব ও পুলিশের পরিচয় দিয়ে তারা বিভিন্ন জায়গায় ছিনতাই ও ডাকাতি করছিল। তাদের কাছে ওয়াকিটকি, হাতকড়া ও পিস্তল দেখে সাধারণ মানুষ র্যাব বা পুলিশের লোক মনে করতে পারে।পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে সাতকানিয়ার কেরানীহাটে ছয়জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তারে অভিযান চালায়। গ্রেপ্তারের আগে বিকাশ কুমার পাঁচ পুলিশ সদস্যকে ধাক্কা দেন। এ সময় বিকাশ নিজেকে মানবাধিকারকর্মী দাবি করে একটি ভিজিটিং কার্ড পুলিশ কর্মকর্তার কাছে তুলে দেন।অভিযানের নেতৃত্ব দেওয়া অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ছয়জনই পেশাদার ডাকাত। মানবাধিকারকর্মী হিসেবে ভিজিটিং কার্ড বানিয়ে নিজেদের তারা মানবাধিকারকর্মী পরিচয় দিয়ে আসছিল।রাঙ্গুনিয়ার স্থানীয় সূত্র জানায়, জামাত বিগত চারদলীয় জোট সরকারের আমলে শিলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর হামলা চালান। এ ছাড়া উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেদারুল আলমকে তিনি অপহরণের চেষ্টা করেন। তাঁর বিরুদ্ধে অসংখ্য মামলা আছে। অবশ্য তিনি পুলিশের কাছে পাঁচটি মামলার কথা স্বীকার করেন। আর বিকাশ জামাতের ডেপুটি হিসেবে পরিচিত। গতকাল বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।