চট্টগ্রামে সাকা চৌধুরীর বিরুদ্ধে ব্যবসায়ীর ছয় থানায় জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) বিরুদ্ধে গতকাল রোববার চট্টগ্রাম নগরের ছয়টি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আবু তাহের নামের এক ব্যবসায়ী। তিনি জিডিতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চান।ব্যবসায়ী আবু তাহের গত বছরের ৩ ডিসেম্বর সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে আদালতে মামলা করেছিলেন।পুলিশ সূত্র জানায়, গতকাল নগরের চান্দগাঁও, বাকলিয়া, খুলশী, বায়েজিদ বোস্তামি, পাঁচলাইশ ও কোতোয়ালি থানায় এ ছয়টি জিডি করেন আবু তাহের। এতে তিনি উল্লেখ করেন, ব্যবসার কাজে তাঁকে এসব থানা এলাকায় যেতে হয়। তাই তাঁর নিরাপত্তা দরকার।জিডিতে বলা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায় নিয়ে কটূক্তি করায় সাকার বিরুদ্ধে গত বছরের ৩ ডিসেম্বর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা করেছিলাম। এরপর থেকে সাকা চৌধুরী ও তাঁর অনুসারীদের রোষানলে পড়ি। বর্তমানে যুদ্ধাপরাধী হিসেবে সাকার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে।’জিডিতে অভিযোগ করা হয়, সাকা চৌধুরীর অনুসারী সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। আগে থেকে তাদের রোষানলে থাকায় এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।