চট্টগ্রামে সাকার বিরুদ্ধে মাঠপর্যায়ের তদন্ত শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মাঠপর্যায়ের তদন্তকাজ প্রায় শেষ পর্যায়ে। এখন প্রতিবেদন দাখিলের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল গত ৮ এপ্রিল থেকে প্রায় এক সপ্তাহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে তথ্য ও সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করেছে। তদন্ত দল গত বৃহস্পতিবার ঢাকায় ফিরে গেছে। তদন্তকালে তারা সাকা চৌধুরীর পৈতৃক বাসভবন গুডস হিল ছাড়াও রাউজান ও রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থান পরিদর্শন করে। এ সময় তদন্ত দল গুডস হিলকে নির্যাতনকেন্দ্র হিসেবেও শনাক্ত করে।ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন, ‘সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে পঞ্চমবারের মতো তদন্ত দল চট্টগ্রাম এসেছে। এবারের তদন্তকাজ বেশ ফলপ্রসূ হয়েছে। তদন্তে যথেষ্ট অগ্রগতি এসেছে। তাঁর বিরুদ্ধে মাঠপর্যায়ের তদন্তের চূড়ান্ত পর্ব অনেকটা শেষ হয়েছে। এখন কিছু হোমওয়ার্ক করে তদন্ত প্রতিবেদন দেবেন কর্মকর্তারা।’কবে নাগাদ প্রতিবেদন দাখিল করা হবে—এমন প্রশ্নে রানা দাশগুপ্ত বলেন, ‘যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। দ্রুত করলেও বিচার-প্রক্রিয়া স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে।’তদন্ত দলের প্রধান ছিলেন আইজিপি সমমর্যাদার পুলিশ কর্মকর্তা আবদুল হান্নান খান। অন্য তিন সদস্য হলেন আইজিপি সমমর্যাদার সানাউল হক, সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরুল ইসলাম ও পরিদর্শক মো. ওবায়দুল্লাহ। জানা গেছে, একাত্তরে গুডস হিলে নির্যাতনের শিকার ব্যবসায়ী ম ছলিম উল্লাহকে নিয়ে তদন্ত দল গত ১২ এপ্রিল গুডস হিলে যায়। এ সময় ছলিম উল্লাহ এটিকে নির্যাতনকেন্দ্র হিসেবে শনাক্ত করেন। এক সপ্তাহের তদন্তকাজে গোপনীয়তা রক্ষা করা হলেও গুডস হিলে যাওয়ার সময় তদন্ত দল গণমাধ্যমকে নিয়ে যায়।সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের মূল কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘উনার বিরুদ্ধে তদন্তটাই আমার এখানে মুখ্য বিষয়। আমরা বেশ কিছু তথ্য-প্রমাণ পেয়েছি। ছলিম উল্লাহ ছাড়াও আমরা আরও অনেক নির্যাতিত ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নিয়েছি।’ সাকার বিরুদ্ধে অভিযোগের তদন্তের জন্য তদন্ত দল আবারও রাউজানের কুণ্ডেশ্বরী ঔষধালয়, জগতমল্লপাড়া, ঊনসত্তরপাড়াসহ বিভিন্ন স্থান পরিদর্শন করে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে। ছলিম উল্লাহ একাত্তরের ২ এপ্রিল গুডস হিলে তাঁর ওপর নির্যাতনের বর্ণনা দেন। তবে তিনি সাকা চৌধুরীকে সরাসরি দেখেননি বলে জানান। তিনি বলেন, ‘এটি সাকা চৌধুরীর পৈতৃক বাড়ি এবং নির্যাতনের সময় তাঁর ছোট ভাই সাইফুদ্দিনকে আমি দেখেছি। তাঁর বাবা ফজলুল কাদের চৌধুরী এবং তাঁর সব সন্তানই এখানে নির্যাতনের সঙ্গে যুক্ত।’তবে ছলিম উল্লাহ ছাড়া অন্যান্য নির্যাতিত সাক্ষীদের বক্তব্যে সাকা চৌধুরীর নাম এসেছে বলে জানা গেছে। রানা দাশগুপ্ত বলেন, ‘গুডস হিলে আলশামস নিয়ন্ত্রিত যে একটা নির্যাতনকেন্দ্র ছিল, সেটা তদন্তে এসেছে। এখানে অনেককে নির্যাতন করা হয়েছে। তাঁদের সঙ্গে তদন্ত দল কথা বলেছে। তাঁদের বক্তব্যে সাকার নাম এসেছে।’