প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের ডাকা হরতালে গতকাল বুধবার তেমন সাড়া দেখা যায়নি চট্টগ্রাম নগরবাসীর। হরতালের মধ্যে গণপরিবহন চলেছে। বেশির ভাগ দোকানপাট খোলা ছিল। গতকালের হরতালে দূরপাল্লার গাড়ি চলাচল ছাড়া সব কর্মকাণ্ড স্বাভাবিক গতিতে চলেছে। দুপুরের পর জামায়াত-শিবিরের ঘাঁটি হিসেবে চকবাজার এলাকার সব কটি বিপণিবিতান খোলা ছিল। বিকেলের পর থেকে সেখানে ক্রেতাদের উপস্থিতি বাড়ছিল। এমনকি নগরের রিয়াজউদ্দিন বাজারে দোকানপাট খোলা ছিল। এই বাজারের বেশির ভাগ দোকানির বাড়ি সাতকানিয়া এলাকায়, যাঁরা জামায়াত-সমর্থক হিসেবে পরিচিত। নগরের হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং না হওয়ায় নির্বিঘ্নে গণপরিবহন চলেছে। সূচি মেনে ট্রেনগুলো যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। বিকেলের পর ব্যক্তিগত গাড়ি রাস্তায় নামে। চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা এবং পরিবহন হয়েছে।