চট্টগ্রামে সাত আবাসন প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লট বিক্রির অনুমোদন না থাকা সত্ত্বেও এ বিষয়ে বিজ্ঞাপন প্রচার এবং আবাসন মেলায় অংশ নেওয়ার অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) গতকাল রোববার সাতটি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। ২৩ অক্টোবরের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।অননুমোদিত এসব প্রতিষ্ঠান সদ্য শেষ হওয়া চট্টগ্রামের বিডি-রেড ফেয়ার নামের আবাসন মেলায় অংশ নেয়।প্রতিষ্ঠানগুলো হলো: ডিভাইন গ্রুপ, শামীম রিয়েল এস্টেট, চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নজরুল চৌধুরী এসেটস, গ্রেসল্যান্ড প্রপার্টিজ অ্যান্ড বিল্ডার্স, ইউনি ভিলেজ এসেটস ও গ্রিন ক্যাসল প্রপার্টিজ। এসব প্রতিষ্ঠান চট্টগ্রাম শহর, হাটহাজারী ও পটিয়ায় ২১টি প্রকল্প বাস্তবায়ন করছে বলে ব্যাপক প্রচার চালিয়েছে।নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে চউকের অথরাইজেশন কর্মকর্তা মো. মনজুর হাসান প্রথম আলোকে বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হবে। তিনি বলেন, যেসব নির্মাণপ্রতিষ্ঠান চটকদার বিজ্ঞাপন দিয়ে অনুমোদনের বাইরে অতিরিক্ত ফ্ল্যাট বিক্রি করছে, তাদের বিরুদ্ধেও শিগগির ব্যবস্থা নেবে চউক।