চট্টগ্রামে সাত ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় আজ বুধবার তেলবাহী বগি লাইনচ্যুত হওয়ার সাত ঘণ্টা পর বেলা দেড়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ভোর সাড়ে ছয়টার দিকে ওই এলাকায় তেলবাহী একটি ট্রেনের ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল নয়টার দিকে উদ্ধারকাজ শুরু হয়। বেলা দেড়টার দিকে চট্টগ্রামগামী একটি রেললাইন মেরামত শেষে ওই পথে ট্রেন চলাচল শুরু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফৌজদারহাট স্টেশনের স্টেশনমাস্টার শাহ আলম চৌধুরী প্রথম আলোকে জানান, একটি লাইন মেরামত শেষে দেড়টার দিকে আটকে পড়া উদয়ন এক্সপ্রেস ট্রেনটি (সিলেট থেকে ছেড়ে আসা) চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।
বিভাগীয় রেল ম্যানেজার এস এম মুরাদ হোসেন প্রথম আলোকে জানান, চট্টগ্রামগামী রেললাইনটি সচল হয়েছে। তিনি জানান, যতক্ষণ পর্যন্ত অন্য লাইনটি (ঢাকামুখী লাইন) ঠিক না হচ্ছে, ততক্ষণ এক লাইনে ট্রেন চলাচল করবে।
দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম বন্দর থেকে ফৌজদারহাট স্টেশনে যাচ্ছিল। স্টেশনের প্রবেশপথে ট্রেনটির ইঞ্জিন ও তেলবাহী পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে তেলবাহী দুটি বগি অন্য দিকের লাইনে (ডাউন লাইন) পড়ে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবদুল হাই প্রথম আলোকে বলেন, ‘ট্রেনটির চালক সিগন্যাল অমান্য করে স্টেশনে প্রবেশের চেষ্টা করায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা তদন্তে দুটি কমিটি করা হয়েছে। ট্রেনটির দুই চালক উত্তম কুমার ভট্টাচার্য ও দিদারুল আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’
ঘটনার পর সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী উদয়ন এক্সপ্রেস ফৌজদারহাট স্টেশনে আটকা পড়ে। ঢাকা থেকে আসা চট্টগ্রাম মেইল সীতাকুণ্ড স্টেশনে, মহানগর গোধূলি কুমিরা স্টেশনে এবং তূর্ণা নিশীথা সিনকি আস্তানায় আটকা পড়ে।